
মুর্শিদাবাদ, ৫ অক্টোবর : কাজে যোগ দিয়ে বৃহস্পতিবারই স্নাতকোত্তরের চূড়ান্ত বছরের ফল প্রকাশের নির্দেশ দিলেন। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য অচিন্ত্য সাহা। বুধবার সকালে তিনি বহরমপুরে এসে কাজে যোগ দিয়েছেন। তার পরে তাঁর যোগদানের রিপোর্ট রাজভবনে এবং উচ্চশিক্ষা দফতরে পাঠানো হয়েছে বলে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। দীর্ঘ প্রায় তিন মাস ধরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ শূন্য রয়েছে।
তিনি জানান, আশা করছি বৃহস্পতিবারই সেই ফল প্রকাশ করা যাবে। এ ছাড়া আশা করছি শুক্রবার থেকে স্নাতকোত্তরের ভর্তির জন্য ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিতে পারব।’’ তাঁর দাবি, ‘‘এখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আমি সকলকে নিয়ে সেই কাজ করতে চাই।’’
মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গত ১৩ জুন থেকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ শূন্য ছিল। গত ৩১ অগস্ট থেকে রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ামকের পদ শূন্য। এই বিশ্ববিদ্যালয়ের শুধু ফিনান্স অফিসার এবং ১৬ জন অস্থায়ী কর্মী ছিলেন।
গত ১ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তরে ভর্তি প্রক্রিয়া শুরু করার পাশাপাশি ৩ অক্টোবর থেকে স্নাতকোত্তরে ক্লাস শুরুর নির্দেশ দিয়েছিল উচ্চশিক্ষা দফতর। কিন্তু এতদিন উপাচার্য না থাকায় আজও মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারেনি।
অন্যদিকে অনেক আগেই স্নাতকোত্তরের চূড়ান্ত বছরের পরীক্ষা হয়ে গেলেও এখনও ফল প্রকাশ করতে পারেনি। সেই সঙ্গে স্নাতকস্তরের সাঁওতালি মাধ্যমের চতুর্থ সিমেস্টারের পরীক্ষাও নিতে পারেনি।
