কলকাতা, ৪ অক্টোবর : দিল্লিতে তৃণমূল নেতৃত্বের সঙ্গে যা হয়েছে তাতে রীতিমতো ক্ষুব্ধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার গভীর রাতে তিনি এক্স হ্যান্ডলে একটি দীর্ঘ পোস্ট করেছেন। সেখানে গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি নিন্দাও করেছেন। সমাজমাধ্যম এক্স-এ দীর্ঘ পোস্ট ইংরেজিতে লেখা হলেও শেষ দু’লাইন লিখেছেন বাংলায়।
এক্সে মমতা লিখেছেন, “আজ গণতন্ত্রের জন্য একটি অন্ধকার, অশুভ দিন। বাংলার জনগণের প্রতি বিজেপির ঘৃণা, দরিদ্রদের অধিকারের প্রতি তাদের অবজ্ঞা প্রকাশ পেয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে।” তিনি আরও লিখেছেন, “প্রথমত, তারা বাংলার দরিদ্রদের জন্য বরাদ্দ গুরুত্বপূর্ণ তহবিল আটকে রেখেছে। আমাদের প্রতিনিধি দল যখন দিল্লিতে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করতে এবং জনগণের দুর্দশার দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, তখন তাদের সঙ্গে নির্মম ব্যবহার করা হয়েছে। প্রথমে রাজঘাটে এবং তার পরে কৃষিভবনে। বিজেপির হাত হিসাবে কাজ করা দিল্লি পুলিশ আমাদের প্রতিনিধিদের নির্লজ্জ ভাবে হেনস্থা করেছে। যাঁদেরকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁদের অপরাধীদের মতো পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কারণ, তাঁরা ক্ষমতার সামনে সত্য কথা বলার সাহস দেখিয়েছিল। তাঁদের ঔদ্ধত্যের কোন সীমা নেই। অহংকার তাঁদের অন্ধ করে দিয়েছে। বাংলার কণ্ঠস্বরকে দমন করতে তারা এখন সব সীমা অতিক্রম করেছে” সব শেষে তিনি লিখেছেন, “কিন্তু আমরা ভয় করব না ভয় করব না, দু’বেলা মরার আগে মরব না, ভাই, মরব না।”
প্রসঙ্গত, মঙ্গলবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর দেখা না-পেয়ে কৃষিভবনেই অবস্থান শুরু করেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের অন্য নেতারা। এর পরেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ। তাঁদের টেনে হিঁচড়ে তোলা হয় প্রিজ়ন ভ্যানে। নিয়ে যাওয়া হয় উত্তর দিল্লির মুখার্জীনগর থানায়। সেখানে প্রায় দু’ঘণ্টা আটকে রাখার পর ছেড়ে দেওয়া হয়।
