
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দু'দিনের মেঘালয় সফরে রয়েছেন মমতা ব্যানার্জী, মঙ্গলবার শিলংয়ে সাংবাদিক বৈঠকে লালনের সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে বলেন-‘‘ধিক্কার জানাই এই ঘটনাকে। সিবিআই যদি এত স্মার্ট হয়, কেন হেফাজতে তাঁর মৃত্যু হল? ওদের সমস্ত ডিটেলস নিতেই হবে।’’ এর পরেই নেত্রী জানান, এই বিষয়টি নিয়ে সরব হবেন। তাঁর কথায়, ‘‘ওঁর স্ত্রী এফআইআর করেছেন। আমরাও ইস্যুটি তুলব।’’
প্রসঙ্গত, সোমবার রামপুরহাটের অস্থায়ী সিবিআই শিবিরে বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সিবিআই দাবি করে, আত্মহত্যা করেছেন লালন। যদিও লালনের পরিবার তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলে। গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই মোড়ে বোমা ছুড়ে দুষ্কৃতীরা খুন করে রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ভাদু শেখকে। সেই খুনের পর রাতে বগটুই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তার জেরে ১০ জনের মৃত্যু হয়। কলকাতা হাই কোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই। লালনের বিরুদ্ধে বগটুইয়ে আগুন লাগানোর অভিযোগ ছিল। চলতি মাসেই ঝাড়খণ্ডের পাকুড় থেকে গ্রেফতার করা হয় লালনকে।
