
মালদা, ২৪ আগস্ট : মালদার শোভানগর গ্রাম পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠ এক কংগ্রেস কর্মীকে ছুরি মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে মালদার ইংরেজবাজারে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার অন্তর্গত মাদিয়াঘাট কালী মন্দির সংলগ্ন এলাকায়। আক্রান্ত কংগ্রেস কর্মীর নাম মাসরুল মির্জা (৩৯)। ইংরেজবাজার থানার অন্তর্গত ভবানীপুর এলাকার বাসিন্দা তিনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ ওই কংগ্রেস কর্মী বাড়ি ফিরছিলেন। মাদিয়াঘাট কালী মন্দির সংলগ্ন এলাকায় কয়েকজন দুষ্কৃতী পথ আটকে তাঁকে বেধড়ক মারধর করে। বাধা দিতে গেলে তাঁর পেটে ছুরি মারা হয় বলে অভিযোগ। চিৎকারে দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় ইংরেজবাজার থানার পুলিশ। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ওই কংগ্রেস কর্মী। পুলিশ ঘটনার তদন্ত করছে।
