
মালদা, ২৬ এপ্রিল : বুধবার আগ্নেয়াস্ত্র হাতে স্কুলে ঢুকে পড়লেন এক ব্যক্তি। ট্রাউজার্সের তলায় রাখা চাকু। ক্লাসঘরে ঢুকেই শিক্ষকের জন্য রাখা টেবিলের উপর দু’টি অ্যাসিড ভর্তি বিয়ারের বোতল রাখেন। মালদার মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুরে, মালদহ মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলে এক যুবক ঢুকে পড়েন হঠাৎই। তাঁকে দেখে ভয়ে কুঁকড়ে যান কচিকাঁচারা। ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দিতে শুরু করেন। শ্রেণিকক্ষে সপ্তম শ্রেণির পড়ুয়ারা তাই দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। বেশ কিছু ক্ষণ পর ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।
কিন্তু কী কারণে ওই ব্যক্তি এমন কাণ্ড ঘটালেন তা এখনও পরিষ্কার নয়। স্থানীয় সূত্রে খবর, ওই যুবক মানসিক ভাবে ভারসাম্যহীন। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমাকে বলেছে আমার স্ত্রীর চরিত্র খারাপ, আমার স্ত্রীকে বলেছে তোমার স্বামীর চরিত্র খারাপ।’’
ঠিক ওই সময় স্থানীয় কয়েক জন ওই ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়েন। তাঁকে আটক করে স্কুলের বাইরে নিয়ে যাওয়া হয়। পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই ব্যক্তিকে। সেই সময় তাঁর জামাকাপড় হাতড়ে দেখতে গিয়ে আবার চমক। ট্রাউজার্স তুলে দেখা যায় পায়ে একটি চাকুও বাঁধা রয়েছে যুবকের।
