
ঘাটাল, ১৯ অক্টোবর : পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার কুশপাতা এলাকায় খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তিনজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। স্থানীয় সূত্রে খবর, সেখানে খাবারের দোকানে কাজ করছিলেন মালিক সহ আরও দুই কর্মী। হঠাৎ আগুন লেগে যায় গ্যাস সিলিন্ডারে। সঙ্গে-সঙ্গে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। গ্যাস সিলিন্ডার ফেটে করায় ঘটনাস্থলেই ঝলসে যান দোকানে মালিক গৌতম মহাপাত্র সহ আরও দুই কর্মী। সেই খবর পেয়ে এলাকায় যায় দমকলের ইঞ্জিন সহ ঘাটাল থানার পুলিশ। গুরুতর আহত তিন ব্যক্তিকেই পাঠান হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। তাঁদের অবস্থার অবনতি হওয়ায় সকলকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। দমকলের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি বহু দোকান থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে রয়েছে ঘাটাল থানার পুলিশ। কী কারণে গ্যাস সিলিন্ডার ফেটে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে দমকলের কর্মীরা।
