
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। তার জন্য বুধবার নবান্নে বিশেষ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, এবার প্রতিটি জলযানের উপর নজর রাখতে ISRO-র বিশেষ সহায়তা নেওয়া হয়েছে। এমনকি ভিআইপি-রা অতি প্রয়োজন ছাড়া গঙ্গাসাগরে পাইলট গাড়ি না ব্যবহার করারও আবেদন করেছেন মুখ্যমন্ত্রী।
১৫ জানুয়ারি রাত থেকে ১৬ জানুয়ারি ভোর পর্যন্ত চলবে পুণ্যস্নান। তবে ৮ই জানুয়ারি থেকেই শুরু হবে মেলা। যা চলবে ১৭ তারিখ পর্যন্ত। এবার প্রায় ৪০ লাখ মানুষের সমাগম হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেকারণে পুণ্যার্থীদের কথা মাথায় রেখে ২২৫০টি বাস এবং ৬৬টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। এছাড়াও অতিরিক্ত লঞ্চেরও ব্যবস্থা থাকবে। মেলা প্রাঙ্গণে বিশেষ অ্য়াম্বুল্যান্স পরিষেবা রাখার পাশাপাশি মেডিকেল ক্যাম্পও তৈরি করা হবে।
