West Bengal

2 years ago

Dooars : শনিবার থেকে বাড়ছে রাজ্যের বনাঞ্চলে প্রবেশের ফি

Dooars Safari (File Picture)
Dooars Safari (File Picture)

 

কলকাতা, ১৩ সেপ্টেম্বর  : সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের বেড়ানোর ফি বাড়িয়ে দিল বন দফতর। বন দফতরের জারি করা নির্দেশিকায় পর্যটকদের সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশের ফি গড়ে ৩০-৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফি বেড়েছে এলিফ্যান্ট রাইড এবং গাইড ভাড়া নেওয়ার ক্ষেত্রেও।

আগামী ১৬ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার থেকে নয়া নির্দেশিকা কার্যকর করা হবে বলে জানিয়েছে বন দফতর। বুধবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, নির্দেশিকা অনুসারে এবার থেকে সিঙ্গালিলা বনাঞ্চলের ভিতরে সান্দাকফুতে যেতে মাথা পিছু ২০০ টাকা করে ফি দিতে হবে।

নেওড়া, গোরুমারা, চাপরামারি এবং জলদাপাড়া যেতে মাথা পিছু ২০০ টাকা করে ফি দিতে হবে। এলিফ্যান্ট সাফারিতে জলদাপাড়ায় এক হাজার টাকা এবং গোরুমারার ক্ষেত্রে বারোশো টাকা দিতে হবে। আগে এই ফি ছিল যথাক্রমে আটশো টাকা এবং এক হাজার টাকা।

গাইডের ক্ষেত্রেও গড়ে একশো টাকা করে ফি বেড়ে হয়েছে সাড়ে তিনশো টাকা। টাইগার হিলে সূর্যোদয় দেখতে অবশ্য অতিরিক্ত ফি দিতে হবে না। আগেকার মতো মাথা পিছু ৫০ টাকা ফি ধার্য থাকছে। ইতিমধ্যেই নয়া ফি নিয়ে পর্যটন ব্যবসায়ী মহলে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ক্ষোভের মূল কারণ দুটি। প্রথমত, পর্যটনের সঙ্গে জড়িতদের সঙ্গে আলোচনা না করে নয়া ফি ধার্য করা হয়েছে। দ্বিতীয় কারণ, ফি বাড়লে জঙ্গলে বেড়াতে গিয়ে পর্যটকদের ন্যূনতম পরিষেবা মেলে না। এই ব্যাপারে বহুবার বলার পরেও বন দফতরের কোনও হেলদোল নেই।


You might also like!