
শিলিগুড়ি, ১৭ আগস্ট : শিলিগুড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি ৪০০ গ্রাম ব্রাউন সুগার সমেত পাঁচজনকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), ভক্তিনগর ও শিলিগুড়ি থানার পুলিশ।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে বুধবার দুপুরে শহরের দুটি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতা করা হয়েছে। ধৃতরা হল দুর্গা সোরেন, প্রদীপ মুন্ডা, রশিদ শেখ, বাছাই কিসকু এবং রঞ্জন মাঝি। এদের মধ্যে রশিদ শুধুমাত্র মালদার বাসিন্দা। বাকি চারজনই শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। ধৃতদের বৃহস্পতিবার আদালতে তুলে হেপাজতে নেবে পুলিশ। মালদার বাসিন্দা রশিদ শিলিগুড়িতে মাদক সাপ্লাই দিতে এসেছিল বলে খবর।
শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, অভিযুক্তদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় বড় চক্র জড়িত রয়েছে বলে দাবি পুলিশের।
