
ইমফল, ৭ মে : ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মণিপুরের পরিস্থিতি। তাই জেলার বাসিন্দাদের খাদ্য ও ওষুধের মতো অত্যাবশ্যক সামগ্রী কেনার অনুমতি দিয়ে আজ রবিবার সকাল ৭:০০টা থেকে ১০:০০টা পৰ্যন্ত তিন ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে কারফিউ।
মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং শনিবার রাতে চূড়াচাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেট বিজ্ঞপ্তির একটি প্রতিলিপি আপলোড করে তাঁর টুইটার হ্যান্ডলে লিখেছেন, ‘চূড়াচাঁদপুর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং রাজ্য সরকার ও বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে আলোচনা হওয়ার পর আমি আনন্দিত যে নীচে শেয়ার করা বিবরণ অনুযায়ী বিভিন্ন এলাকায় আংশিকভাবে শিথিল করা হবে কারফিউ।’
চূড়াচাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেট শরৎচন্দ্র আরজু কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী শিথিল সম্পৰ্কে পর্যালোচনা করে বিজ্ঞপ্তি জারি হবে।’ তবে সিআরপিসি-র ১৪৪ ধারা যথারীতি বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এদিকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় গতকাল শনিবার বিকাল ৩:০০টা থেকে ৫:০০টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল।
