
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রেশনে আসা খাদ্য সামগ্রীর অপ্রতুলতা, তার মান সম্পর্কে অভিযোগ নিয়ে ধূপগুড়ি উপনির্বাচনে প্রার্থীর হয়ে চা বাগানে প্রচারে এসে কার্যত ঘেরাও হলেন রাজ্যের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি।
চা বলয়ের বাসিন্দাদের আরও অভিযোগ, স্থানীয় নেতৃত্বের কাছে রেশনের মান নিয়ে অভিযোগ জানালেও তাঁরা কেউ এই বিষয়ে কোনও উদ্যোগ নেন না। এইসব শুনে মন্ত্রী উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি জানান, চা বাগান এলাকায় রেশনের সমস্যার কথা তাঁর জানা নেই। তিনি বিষয়টি লিখে নেন। জানান, ”আমি বিষয়টি খতিয়ে দেখব।”
ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের প্রচারে বৃহস্পতিবার মোগলকাটা চা বাগানে গিয়েছিলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জোৎস্না মান্ডি। বাগানে কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন। সেসময়ই তাঁর কাছে সমস্ত অভিযোগ জানান। তাঁর সঙ্গে ছিলেন বানারহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর গুরুং, জেলা পরিষদের সদস্য বিমল মাহালি-সহ ব্লক নেতৃত্ব। এদিন মন্ত্রী চা বাগান এলাকায় ঘুরে ভোট প্রচার করেন।
অন্য দিকে শুক্রবারই ধূপগুড়ি উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়ের হয়ে বড়সড় প্রচারে নামবেন অধীর চৌধুরী, মহম্মদ সেলিমরা। আর শনিবার শেষবেলার প্রচারে ঝাঁপাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে উপনির্বাচন।
