কলকাতা, ২৬ ডিসেম্বর : দার্জিলিং পুরসভায় অনাস্থা আনা নিয়ে যে চাপানউতোর চলছিল তাতে যবনিকা পড়ল। হামরো পার্টির চেয়ারম্যান রীতেশ পোর্টেলের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ।
গত ২৪ নভেম্বর চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে (গোর্খা প্রজাতন্ত্রিক মোর্চা) ছ’জন কাউন্সিলর মিটিং ডাকার জন্য নোটিস দেয়। নিয়ম হচ্ছে, এই ধরনের চিঠির পর ১৫ দিনের মধ্যে বৈঠক ডাকতে হয়। কিন্তু তা না হওয়ায় ১৩ ডিসেম্বর ভাইসচেয়ারম্যানকে ফের জানানো হয়। তাতেও কাজ হয়নি। এরপর তিনজন কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনার জন্য ২৮ ডিসেম্বর বৈঠক ডাকে।এর বিরুদ্ধে অবসারকালীন বেঞ্চে আবেদন হামরো পার্টির চেয়ারম্যান রীতেশ পোর্টেল ও ভাইস চেয়ারম্যান ইয়াঞ্জি শেরপা।
সোমবার বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চের নির্দেশের পর দার্জিলিং পুরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। এদিন বিচারপতি চন্দ জানিয়ে দেন, ১৯৯৫ সালের পুর আইন অনুযায়ী অনাস্থা আনা হয়েছে। প্রথম চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে চেয়ারম্যান কেন মিটিং ডাকেননি সেই প্রশ্নও তুলেছে হাইকোর্ট।
