
নদীয়া, ১৫ এপ্রিল: এখনও জিজ্ঞাসাবাদ থামেনি, বড়ঞার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে জেরা করছেন সিবিআই আধিকারিকরা। জীবনকৃষ্ণের বাড়ি থেকে প্রায় দু’বস্তা নথি উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছে প্রাইমারি, আপার প্রাইমারি এবং নবম-দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষার চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড, এমনটাই সূত্রের খবর। তৃণমূল বিধায়কের কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে বলেও সিবিআই সূত্রে খবর। সিবিআইয়ের অনুমান এই ডায়েরিতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত লেনদেনের হিসাব পাওয়া যেতে পারে।
পাশাপাশি শনিবার সকাল থেকে জীবনকৃষ্ণের দুই আত্মীয়ের বাড়িতেও নতুন করে তল্লাশি চালাতে শুরু করেছেন সিবিআই আধিকারিকরা।পুলিশের যে ভ্যান দু’টি শুক্রবার রাতে চলে গিয়েছিল, তার মধ্যে একটি শনিবার সকালে আবার তৃণমূল বিধায়কের বাড়ির বাইরে আনা হয়েছে। একই সঙ্গে তৃণমূল বিধায়কের বাড়ির সামনে আরও কড়া হয়েছে নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি সকাল থেকে মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশকে।
জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি চলছে তাঁর বাড়ির পিছনের পুকুরে ছুড়ে দেওয়া মোবাইলের খোঁজ। শুক্রবার রাতে পর্যাপ্ত পরিমাণ আলো না থাকায় মোবাইল খোঁজার কাজ বন্ধ রাখা হয়েছিল। শনিবারের আলো ফুটতেই আবার শুরু হয় তল্লাশি। মোবাইল খুঁজে বার করতে আনা হয়েছে মেটাল ডিরেক্টর। তল্লাশিতে যোগ দিয়েছেন আরও এক দল সিবিআই আধিকারিক।
