
বীরভূম, ৫ নভেম্বর: সত্যিই কি লটারির জিতে কোটি টাকা পেয়েছিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল? নাকি এর পিছনে রয়েছে কোনও দুর্নীতি? এবার সেই প্রশ্নের উত্তর পেতে মরিয়া সিবিআই! লটারি জেতার বিষয়ে কেষ্টকে জেরা করতে এবার আসানসোল জেলে পৌঁছল সিবিআই! শনিবার সকালে জেলে যান সিবিআই-এর দুই আধিকারিক। এক ঘণ্টা কুড়ি মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত মণ্ডলকে। এর আগে শুক্রবার বোলপুরের একটি লটারির দোকানে হানা দেয় সিবিআই আধিকারিকরা৷ লটারির টিকিট কীভাবে ভাঙানো হয়েছিল, সেই সংক্রান্ত তথ্য নিয়ে দোকানের কর্মীদের বোলপুরের সিবিআই ক্যাম্প অফিসে হাজিরা দেওয়া বির্দেশও দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷ এ বছরের শুরুতেই অনুব্রত মণ্ডল লটারিতে এক কোটি টাকা জেতেন বলে খবর ছড়িয়েছিল৷ সম্প্রতি অনুব্রতর লটারিতে কোটি টাকা জয়ের পিছনে কোনও রহস্য রয়েছে কি না, তার তদন্ত শুরু করেছে সিবিআই। গরু পাচার মামলায় তদন্তে নেমে অনুব্রতকে অনেক দিন আগেই গ্রেফতার করেছে সিবিআই৷ তার আয়ের বিভিন্ন উৎসও খতিয়ে দেখছেন সিবিআই কর্তারা৷
