
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পৌষমেলার মাঠ দেওয়ার জন্য রাজ্যকে শর্ত দিল বিশ্বভারতী। মামলা নিষ্পত্তির শর্ত দিয়ে ঘোলা জলে মাছ ধরতে চাইছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এ বছর পৌষমেলা করতে অপারগ জানিয়ে আগেই প্রেস বিবৃতি দিয়েছে বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট। এরপরেই স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প পৌষমেলা করার জন্য নির্দেশ দেন। সেই মতো শুক্রবার প্রশাসনিক বৈঠকও হয়। সেখানেই আলোচনা হয় যে, শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পূর্বপল্লির পৌষমেলার মাঠেই বিকল্প পৌষমেলা হবে।
সে জন্যে শুক্রবার রাজ্য সরকারের পক্ষ থেকে বোলপুরের মহকুমাশাসক অয়ন নাথ বিশ্বভারতীয় কাছে পৌষমেলার মাঠ চেয়ে আবেদন করেন। রবিবার রাজ্য প্রশাসনের চিঠির উত্তর দেন বিশ্বভারতীর কর্মসচিব অশোক মাহাতো। চিঠিতে মোট ১৩টি পয়েন্ট উল্লেখ করে শর্ত আরোপ করা হয়েছে। তার অন্যতম হলো বিশ্বভারতী আধিকারিকদের উপর করা ফৌজদারি মামলার নিষ্পত্তি করতে হবে। এছাড়া চিঠিতে রয়েছে, শান্তিনিকেতন ট্রাস্ট মেলার মাঠ ভাড়া বাবদ কুড়ি হাজার টাকা দিত-সেই অর্থ মহকুমাপ্রশাসনকে দিতে হবে, সমস্ত দায়ভার ও খরচ এবং সর্বোপরি গ্রিন ট্রাইব্যুনালের শর্ত বা কোনও আইনি জটিলতার মধ্যে বিশ্বভারতী পড়বে না এবং মেলা শেষে মাঠ পরিষ্কার সমেত সব দায় রাজ্যকে নিতে হবে। এছাড়া মেলার সময় বিশ্বভারতীর কর্মী-অধ্যাপকদের পুলিশি নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
