
কলকাতা, ২০ ডিসেম্বর : আরও এক বিধায়কের বাড়িতে হানা দিল আয়কর। এবার মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের সম্পত্তিতে নজর আয়কর দফতরের। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বুধবার সকালে বিধায়কের সামশেরগঞ্জের ধুলিয়ানের বাড়িতে হানা দেন আয়কর আধিকারিকরা। বায়রনের বিরুদ্ধে আয়কর-ফাঁকির অভিযোগে বীরভূমেও চলছে তল্লাশি। প্রসঙ্গত, বামেদের সমর্থনে কংগ্রেসের টিকিটে জেতার তিন মাসের মধ্যে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন বায়রন। এবার তাঁর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় এজেন্সি।
শুধু মুর্শিদাবাদ নয়, বীরভূম জেলার বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। মূলত বায়রন বিশ্বাসের ব্যবসা আয়কর দফতরের নজরে রয়েছে। আয়কর দফতর সূত্রের খবর, বায়রন বিশ্বাসের একাধিক ব্যবসা রয়েছে। সেই ব্যবসার টাকা বিভিন্ন সেল কোম্পানির মাধ্যমে ঘোরানো হয়েছে। এই অভিযোগ পাওয়ার পর আয়কর দফতরের আধিকারিকরা প্রাথমিক একটা তদন্ত করেন। সেই তদন্ত করার পর বুধবার ৫০-৬০ জন আধিকারিক বায়রন বিশ্বাসের বাড়ি, তাঁর একাধিক অফিসে পৌঁছে যান।
সামশেরগঞ্জের পাশাপাশি তাঁর সাগরদিঘির বাড়িতেও পৌঁছে যান আয়কর দফতরের আধিকারিকরা। এমনকী, বিধায়কের বিড়ির ফ্যাক্টারি, চা কোম্পানি, হাসপাতাল ও ও ডাকবাংলার বাড়িতে আয়কর দফতর হানা দিয়েছে। তবে নির্দিষ্ট করে কোনও মামলা নয়, নির্দিষ্ট করে কোনও তদন্ত নয় বায়রনের সবকটি ব্যবসার আয়কর সঠিক পড়েছে কি না তা খতিয়ে দেখতেই তদন্তকারীরা এসেছেন বলে জানা গিয়েছে।
