
কলকাতা, ২৮ সেপ্টেম্বর : ব্যাঙ্কের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আধার কার্ড। আর সেই আধার কার্ডে রয়েছে চোখের রেটিনা স্ক্যান, আঙুলের ছাপের মতো অতি ব্যক্তিগত তথ্য। আর এবার সেই সব তথ্য চলে আসছে ব্যাঙ্ক জালিয়াতদেরও হাতের মুঠোয়। আঙুলের ছাপ নকল করে যে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তারা সরিয়ে ফেলছে টাকা। খাস কলকাতার বাগুইআটিতেই সম্প্রতি এমন ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা ঘটেছে। যার তদন্তে নেমে বুধবার দু’জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া দুই যুবকের নাম মোখতার আলম, বয়স ২৩ এবং রওশন আলি, বয়স ২২। দু’জনেই উত্তর দিনাজপুরের বাসিন্দা। এই দু’জনের বিরুদ্ধে অন্তত আধার কার্ডের তথ্য নিয়ে এমন ছ’টি ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এদের মধ্যে আঙুলের ছাপ নকল করার কাজ করেছে রওশন। আর এই গোটা কাজটি হয়েছে মোখতারের নামে নথিভুক্ত সিস্টেম থেকে।
পুলিশ জানিয়েছে, দু’জনকেই আদালতে তোলা হয়েছিল। আদালত তাদের ৭ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
জানা গিয়েছে, আধার কার্ড এবং ব্যাঙ্ক জালিয়াতির খবর পাওয়ার পরেই কলকাতা পুলিশ ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার একটি দল গঠন করে ঘটনাটির তদন্ত শুরু করে। খতিয়ে দেখা যায়, বাংলার ইসলামপুর এবং বিহারের আরারিয়ার কাছাকাছি কোনও এলাকা থেকে এই জালিয়াতি করা হয়েছে। পুলিশের এই বিশেষ দলটি সেখানে পৌঁছে নির্দিষ্ট এলাকায় তল্লাশি চালায়। তার পরেই গ্রেফতার করা হয় দুজনকে।
