West Bengal

3 years ago

Howrah:হাওড়ার বাণীবন গ্রাম 'চুল' রপ্তানিতে পৃথিবীর প্রথম

howrah
howrah

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  শুনলে কিছুটা বিস্মিত হতেই হয় বৈকি! তবু এই তথ্য সত্য যে চুল রপ্তানিতে পৃথিবীর মধ্যে ভারত প্রথম।আর ভারতের মধ্যে প্রথম বাংলা। এখানেই শেষ নয়, বাংলার মধ্যে সবচেয়ে বেশি চুল সাপ্লাই দেয়   হাওড়ার 'বাণীবন' গ্রাম। বড়ো 

রাস্তা থেকে মন্দির পেরিয়ে গাঁয়ের অলি-গলির ভিতরে ঢোকার আগে পর্যন্ত বোঝার উপায় নেই যে, এ অঞ্চল হাওড়া জেলার আর পাঁচটি জায়গার চেয়ে আলাদা। গ্রামের ভিতরে ঘরে ঘরে হাতের কাজ হতে দেখা যায় বাংলার নানা প্রান্তেই। এখানেও এক একটি গলির ভিতরে আছে এক একটি কারখানা। গ্রামবাসীদের বাড়ির রোজনামচার মধ্যেও জায়গা করে নিয়েছে পরচুলা। রান্নাবান্না, লেখাপড়ার সঙ্গে সমান তালে চলতে থাকে খোঁপা, বেণী, ববছাঁট চুলের উইগ, লম্বা স্টেপকাট চুলের উইগ তৈরির কাজ! একদম আদর্শ কুটির শিল্পের নির্দশন এই গ্রাম। 

 বাণীবনের পদে পদে রয়েছে নানা গল্প। বাণীবনের প্রায় প্রতিটি ঘরের কেউ না কেউ গল্পের এক একটি গুরুত্বপূর্ণ চরিত্র। কেউ কেউ জানেন, কেউ আবার জানেনই না কত দূর পৌঁছয় তাঁদের হাতের কাজ। সেখানকার একটি কারখানার কর্মী হবিবুল মোল্লা যেমন বলেন, ‘‘আমাদের তৈরি চুল মুম্বই, দিল্লি, কানপুরের মতো কিছু শহরে যায়।’’ আবার সে কারখানারই মালিক জানান, প্রতি বছর তাঁদের তৈরি চুল পাড়ি দেয় কানাডা, ফ্রান্স এবং ডেনমার্কে। বিভিন্ন ফ্যাশন শো-তেও তাঁদের হাতে তৈরি পরচুলা ব্যবহার করা হয়েছে বলে শুনেছেন তিনি। এই গ্রামের প্রায় প্রতি বাড়ি এই শিল্পের সঙ্গে যুক্ত। দিব্যি ঘর-সংসার করতে করতে ৮ থেকে ৮০ প্রায় সকলেই হাত লাগায় ওই কাজে।

   ধর্মপ্রাণ ভারতভূমি। সেই ধর্মেরই অঙ্গ 'চুলদান'। তাই প্রতিবছর বহু মানুষ মানত করে কোনো না কোনো মন্দিরে চুলদান করেন। জানা যায়, তিরুপতির মন্দির হোক কিংবা অন্য কোনও মন্দির, সেখানে থাকেন হাজার হাজার নাপিত। আর দানের পর তাঁদের থেকেই চুল জোগাড় করেন পরচুলার ব্যবসায়ীরা। তিরুমালার বেঙ্কটেশ্বর মন্দিরে দিনে অন্তত ৪০ জন চুল দান করেন। এর পর দেবতার কাছে দান হওয়া সেই চুলই সারা বিশ্বে ঘোরে। পশ্চিম ভারতের কোনও গৃহিণীর মাথার চুল দক্ষিণ ভারতের মন্দিরে কাটা পড়ে নাপিতের হাত ঘুরে, ধোয়া হয়ে পূর্ব ভারতের হাওড়া জেলার এক গ্রামে পরচুলা তৈরির কারখানায় গিয়ে নতুন রূপ নিয়ে শেষে শোভা পায় হয়তো ভিন্‌দেশি কোনও অভিনেতার মাথায়। বাণীবনের ব্যবসায়ীরা মধ্যের কাজটুকু করেন। বিভিন্ন জায়গা থেকে চুল সংগ্রহ করে বিভিন্ন মাপের ও বিভিন্ন মানের চুল তৈরি করেন। ব্যবসায়ীরা তা কিনে নিয়ে পাঠিয়ে দেয় দূর-দুরান্তে।


You might also like!