
নদিয়া, ১১ অক্টোবর : সোমবারের পর বুধবারও পুর-নিয়োগ মামলায় নদিয়ার শান্তিপুরে হানা দিল ইডি। শান্তিপুরে একটি রাইস মিলে গিয়েছেন তদন্তকারীরা। বুধবার সকালে আচমকা ওই রাইস মিলে হানা দেন ইডির গোয়েন্দারা।
ব্যাঙ্ক প্রতারণা মামলার তদন্তে এবার মাঠে নামল ইডি। নদিয়া জেলার ৮টি জায়গায় চলছে তল্লাশি। ১২ নম্বর জাতীয় সড়ক লাগোয়া শান্তিপুরের কন্দখোলায় একটি চালকল এবং আটাকলে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা।
তদন্তকারী আধিকারিকদের পাশাপাশি রাইস মিল ঘিরে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। পাশাপাশি আরও কয়েকটি জায়গায় ইডি হানা দিয়েছে বলে খবর। শুধু নদিয়া জেলাতেই বুধবার সকালে একযোগে পাঁচ জায়গায় হানা দিয়েছে তাদের পাঁচটি দল। শান্তিপুর, ধুবুলিয়া, রানাঘাট, কৃষ্ণনগরে সকালে তল্লাশি চলে।
হরিণঘাটার সাত শিমুলিয়া, গাংনাপুরের আইশমালিতেও দুটি চালকলে চলে তল্লাশি। পাশাপাশি, কৃষ্ণনগরের মল্লিকপাড়ায় চাল ব্যবসায়ী প্রদীপ দে-র বাড়ি ও দোকানেও তল্লাশি চালায় ইডি। ধুবুলিয়ার মায়াখোলে চাল ব্যবসায়ী দিলীপ ঘোষের বাড়ি এবং কোতয়ালি থানা এলাকার ভালুকায় ভুসিমাল ব্যবসায়ী কল্যাণ সাধুখাঁ-র বাড়ি ও দোকানে তল্লাশি চলছে।
কেন চালকলে হানা? দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে ধৃত একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার হওয়া নথি থেকে তদন্তকারীরা জানতে পেরেছেন, দুর্নীতির টাকার একটা অংশ ওই চালকলে বিনিয়োগ করা হয়েছে। এই কারণে শান্তিপুরের ওই চালকলে পৌঁছে গিয়েছেন তদন্তকারীরা। আপাতত ওই চালকলের গেট বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। গোটা চালকল ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
উল্লেখ্য, বুধবারই সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। ১১টা নাগাদ রুজিরা ইডির দফতরে গিয়েছেন। বস্তুত, নিয়োগ মামলায় এই প্রথম বার তাঁকে তলব করা হয়েছে।
