
কোচবিহার, ১৪ জুলাই : হিংসার তথ্য তালাশে এবার উত্তরবঙ্গে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। শুক্রবার সকালে কোচবিহারে পৌঁছেছেন বিজেপির তথ্য-সন্ধানী দলের ৫ সদস্যের প্রতিনিধি। তাঁরা কথা বলেন আক্রান্তদের সঙ্গে। খতিয়ে দেখবেন গ্রাউন্ড জিরোর পরিস্থিতি। সবশেষে রিপোর্ট জমা দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাকে।
এদিন সকালে কোচবিহারে পৌঁছনোর পর বিজেপির তথ্যানুসন্ধান দলের প্রধান বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, "আমরা বাংলায় ৩-দিনের সফরে আছি... আমরা দু'দিন ধরে তদন্ত করেছি। আমরা সবসময় একটি বিষয় দেখছি - মনোনয়ন জমা দিতে দেবে না এবং যদি মনোনয়ন জমা দেয় তবে তাদের মারধর করা হবে। দ্বিতীয়ত, প্রচার চালাতে দেবে না, অন্যথায় শিশু অপহরণ করবে। জিতলে সার্টিফিকেট দেওয়া হবে না... আপনার শাসনে এসব কি হচ্ছে, মমতা জি? আপনি গণতন্ত্রকে অপমান করছেন।"
