West Bengal

3 years ago

Arjun Singh : জগদ্দলে হাঙ্গামা, গ্রেফতার অর্জুন সিংয়ের ভাই সঞ্জয়

Arjun Singh -  Sanjay Singh
Arjun Singh - Sanjay Singh

 

উত্তর ২৪ পরগণা, ১৭ ফেব্রুয়ারি  : তৃণমূল সমর্থিত এক্সাইড পার্মানেন্ট মজদুর মোর্চার ইউনিয়ন অফিসকে কেন্দ্র করে জগদ্দলে তুমুল অশান্তির জের। গ্রেফতার করা হয়েছে সাংসদ অর্জুন সিংয়ের ভাই সংগঠনের ওয়ার্কিং প্রেসিডেন্ট সঞ্জয় সিং-সহ মজদুর মোর্চার চারজন সমর্থক। এর প্রতিবাদে বৃহস্পতিবার রাতে রাস্তা আটকে বিক্ষোভ দেখান মজদুর মোর্চা সমর্থিত শ্রমিকরা। ঘেরাও করা হয় থানা। র‍্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়।শুক্রবারও এলাকায় উত্তেজনা রয়েছে।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে জগদ্দলের আতপুরে এক্সাইড পার্মানেন্ট মজদুর মোর্চা ইউনিয়ন অফিস উদ্বোধন হয়। এরপরই অভিযোগ ওঠে ওই অফিসটি আদতে এক চিকিৎসকের চেম্বার। সেটি দখল করে মজদুর মোর্চার অফিস তৈরি করা হয়েছে। অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।

বৃহস্পতিবার রাতে মজদুর মোর্চার কার্যকরী সভাপতি সঞ্জয় সিংকে আটক করা হয় জিজ্ঞাসাবাদের জন্য। সেই সঙ্গে আরও ৩ জনকে আটক করা হয়। এরপর গভীর রাতে গ্রেফতার করা হয় তাঁদের।

এর পরই প্রতিবাদে শামিল হয় মজদুর মোর্চা সমর্থিত শ্রমিকরা। তাঁরা জগদ্দল থানার সামনে ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাঁদের দাবি ছিল, শ্রমিক নেতা সঞ্জয় সিংকে অবিলম্বে মুক্তি দিতে হবে। পরে সাংসদ অর্জুন সিংয়ের হস্তক্ষেপে অবরোধ ওঠে। অভিযোগ, তৃণমূলের দুই শ্রমিক সংগঠনের অশান্তির জেরে বার বার ওই কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।

You might also like!