
আসানসোল, ২৫ অক্টোবর : মঙ্গলবার সকালে স্বাস্থ্য পরীক্ষা করাতে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হল অনুব্রত মণ্ডলকে ।
জেলা হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের অবজারভেশন রুমে অনুব্রতর শারীরিক পরীক্ষা করার ব্যবস্থা করা হয়। মেডিসিন বিভাগের চিকিৎসক ডাঃ এন চট্টোপাধ্যায় স্বাস্থ্য পরীক্ষার মূল দায়িত্বে রয়েছেন। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ তাকে পুলিশের গাড়িতে জেলা হাসপাতালের নিয়ে আসা হয়। ছিল কঠোর পুলিশি ব্যবস্থা। জানা গিয়েছে, আদালতের নির্দেশেই অনুব্রত মণ্ডলের এদিন মেডিকেল টেস্ট করা হচ্ছে। আগামী ২৯ অক্টোবর তাঁকে আবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে। এর আগে ২৫ আগস্ট গোরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে আসানসোল জেলা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছিল। বর্তমানে আসানসোল সংশোধনাগারে রয়েছেন অনুব্রত।
