
সুজিত দত্ত, বর্ধমান, ১৬ এপ্রিলঃ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে গলসির বিধায়ক হয়েছিলেন অলোক কুমার মাঝি। আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে একই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে পুনরায় টিকিট পেয়ে তিনি এখন নিজের পরিচিত এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জোরদার প্রচার চালাচ্ছেন। খণ্ডঘোষের বাসিন্দা হলেও ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত পাঁচ বছর বিধায়ক থাকার সুবাদে গলসির অলি-গলি তার নখদর্পণে। এলাকার আবালবৃদ্ধবনিতা প্রায় সকলেই তাকে চেনেন, জানেন এবং একজন কাজের মানুষ হিসেবেই মনে করেন। ফলে নিজের পুরনো এলাকায় ফিরে এসে তিনি যেন ঘরের ছেলের মতোই স্বাগত ও সমর্থন পাচ্ছেন।
মিছিল, কর্মী বৈঠক এবং ঘরে ঘরে জনসংযোগ—বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিজের প্রচারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অলোক কুমার মাঝি। বৃহস্পতিবার গলসি-২ ব্লকের কুরকুবা অঞ্চলে স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে জোরদার প্রচার চালান তিনি। প্রচারের পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতিও শোনান প্রার্থী। নির্বাচনে জয়ী হলে গলসির কুরকুবা গ্রাম পঞ্চায়েতের বাহিরঘন্যা গ্রামে খড়ি নদীর উপর থাকা অস্থায়ী বাঁশের সেতুকে পাকা সেতুতে রূপান্তর করার আশ্বাস দেন তিনি। অলোক কুমার মাঝি তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলায় যে উন্নয়ন হয়েছে তা দেশের অন্য কোনো রাজ্যে হয়নি। তার অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলিতে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলির বেশিরভাগই বাস্তবায়িত হয়নি। এর বিপরীতে তৃণমূল কংগ্রেস যা প্রতিশ্রুতি দেয়, তা পূরণ করে বলেই দাবি করেন তিনি।আসন্ন নির্বাচনের ফল নিয়েও আত্মবিশ্বাসী অলোক বাবু। তাঁর কথায়, “গলসি শুধু নয়, আগামী ৪ মে গোটা রাজ্য জুড়ে সবুজ আবীর উড়বে। তৃণমূল কংগ্রেস আগের থেকেও বেশি আসনে জয়লাভ করবে।”
