
বালুরঘাট, ১৬ জুলাই : গণনাকেন্দ্র থেকে সিসিটিভি ক্যামেরা এবং তার মেমোরি চুরি যাওয়ার বিষয়ে সামনে আসতেই রবিবার বাম ও বিজেপি কর্মীরা সরব হয়েছে।
গণনাকেন্দ্র থেকে চুরি গেছে সিসিটিভি, ইতিমধ্যেই এমন অভিযোগ তুলে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন বিডিও অনুজ শিকদার। এনিয়ে ইতিমধ্যেই টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
গণনার দিন থেকে বিরোধীদের তরফে থেকে অভিযোগ তোলা হয়েছিল গণনাকেন্দ্রে ব্যাপক কারচুপি করা হয়েছে। এমনকি গণনার দিন বিকেলে বালুরঘাটের জেলাশাসক ভবনের সামনে কারচুপির অভিযোগ তুলে বিডিও-র বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে। পরে মধ্যরাত পর্যন্ত বালুরঘাট কলেজ অর্থাৎ গণনাকেন্দ্রের সামনে ঠাঁই বসে থাকেন তিনি। এই ঘটনার পর সিসিটিভি ক্যামেরা চুরি যাওয়ার যে তথ্য সামনে এসেছে তাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।
বিরোধীদের দাবি, এটা পরিকল্পনামাফিক করা হয়েছে। যেহেতু বিজেপি বিষয়টি নিয়ে আদালতে যাবে এবং আদালত সিসিটিভি ফুটেজ দেখতে চাইতে পারে তাই আগেভাগেই সেগুলিকে হারিয়ে যাওয়ার কথা বলছেন বিডিও। যদিও এনিয়ে বালুরঘাটের বিডিও সহ জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা কেউ ফোন ধরেননি।
