
মুর্শিদাবাদ, ২২ জুলাই : শনিবার দুপুরে মুর্শিদাবাদ থেকে সাংবাদিক বৈঠকে তৃণমূলকে কার্যত তুলোধনা করলেন অধীররঞ্জন চৌধুরী। বললেন, ‘২০১১ সালে ক্ষমতায় এসেছিলেন কংগ্রেসের ঘাড়ে ভর করে। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রতি রাজ্যবাসীর মোহমুক্তি ঘটেছে। তাই তাঁর মনে হয়েছে কংগ্রেসের সঙ্গে হাত ধরতে হবে।’
অধীরবাবুর বক্তব্য, ইন্ডিয়ার ভাবনা এসেছে রাহুল গান্ধীর ভারত জোড়ো কর্মসূচির থেকেই। বললেন, ‘ভারত জোড়ো কর্মসূচি গোটা দেশকে ঐক্যবদ্ধ করেছে। রাহুল গান্ধীর নেতৃত্বে গোটা ভারতে পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত। রাহুল গান্ধীর সেই ভাবনার সঙ্গে না যোগ দিলে, বিচ্ছিন্ন হয়ে যাবেন, সেটা বুঝতে পেরেই বিরোধী জোটে যোগ দিয়েছে তৃণমূল।’
তৃণমূল নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতেই কংগ্রেসের সঙ্গে যোগ দিচ্ছে বলে মনে করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বলছেন, ‘কংগ্রেসের তৃণমূলকে যতটা দরকার, তার থেকে অনেক বেশি তৃণমূলের কংগ্রেসকে দরকার।’ পরিবারতন্ত্রের অভিযোগ তুলেও খোঁচা দিতে ছাড়লেন না তৃণমূলকে।
