
জয়নগর, ১৭ এপ্রিল : ঘরের মধ্যে ঢুকে ঘুমন্ত যুবকের উপর পরপর গুলি চালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এলাকায়। জানা গিয়েছে, সোমবার ভোররাত দু'টো নাগাদ জাহির লস্করের ঘর থেকে আচমকাই আর্তনাদ শুনতে পান তাঁর পরিজনেরা। ঘরে ঢুকে পরিবারের লোকজন দেখেন জাহির লস্করের ডান দিকের বুকের পাঁজরে গুলি লেগেছে.
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় আশঙ্কাজনক জাহিরকে। প্রতিবেশী আলাউদ্দিন লস্করের সঙ্গে বিবাদের জেরেই সে জাহিরের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে বলে অভিযোগ পরিবারের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
