
সোনামুড়া : ২০-বক্সনগর ও ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে ভোটগ্রহণ পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সোনামুড়ার নতুন টাউনহলে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখা নির্বাচনী আধিকারিক পুনীত আগরওয়াল।
সভায় মুখ্য নির্বাচনী আধিকারিক ২০-বক্সনগর ও ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণ পর্ব অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য যেসমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। তাছাড়াও তিনি নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন সময়ে শান্তি শৃঙ্খলার পরিবেশ বজায় রাখার উপরও গুরুত্ব আরোপ করেছেন। ভারতের নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে ভোটগ্রহণ পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সভায় তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশও দেন।
সভায় উপস্থিত ছিলেন সিপাহীজলার জেলাশাসক ডা. বিশাল কুমার, অতিরিক্ত জেলাশাসক তথা ২৩ ধনপুর বিধানসভাকেন্দ্রের রিটার্নিং অফিসার জয়ন্ত দে, ২০-বক্সনগর নির্বাচনী কেন্দ্রের রিটার্নিং অফিসার ভাস্বর ভট্টাচার্য, সিপাহীজলা জেলার পুলিশ সুপার বি জে রেড্ডি, সোনামুড়া মহকুমার মহকুমা শাসক মানিক লাল দাস প্রমুখ। তাছাড়াও এই দুটি বিধানসভা নির্বাচনী কেন্দ্রের এআরও, নোডাল অফিসার, সেক্টর অফিসার, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর আধিকারিক ও বিভিন্ন থানার পুলিশ আধিকারিকরা সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০- বক্সনগর কেন্দ্রে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সিপাহীজলা জেলার সিনিয়র ডেপুটি কালেক্টর। এছাড়া বিডিও বক্সনগর, সোনামুড়া মহকুমার ডেপুটি কালেক্টর এবং সোনামুড়া রেভিনিউ সার্কেলের ডেপুটি কালেক্টর ও ম্যাজিস্ট্রেট অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন। ২০-বক্সনগর কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৪৩ হাজার ৮৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২২ হাজার ১৬৬ জন এবং মহিলা ভোটার ২০ হাজার ৯২১ জন রয়েছেন। এছাড়াও সার্ভিস ভোটার ৭৫ জন, ৮০ উর্ধ্ব ভোটার ৫১০ জন এবং দিব্যাঙ্গ ভোটার রয়েছেন ১৯৮ জন।
২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা। এছাড়া এই কেন্দ্রে কাঁঠালিয়া ব্লকের বিডিও, সোনামুড়া মহকুমার ডেপুটি কালেক্টর নং ৩ এবং কাঁঠালিয়া ব্লকের অতিরিক্ত বিডিও অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। ২৩- ধনপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৫০ হাজার ১৪৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২৫ হাজার ৯৪৪ জন এবং মহিলা ভোটার ২৪ হাজার ২০৩ জন রয়েছেন। তাছাড়াও এই কেন্দ্রে সার্ভিস ভোটার রয়েছেন ৮৫ জন, ৮০ উর্ধ্ব ভোটার রয়েছেন ৭০৭ জন এবং দিব্যাঙ্গ ভোটার ২৬৫ জন রয়েছেন। এদিকে, ২০-বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৫১টি এবং ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ৫৯টি।
