
নয়াদিল্লি, ৪ নভেম্বর : ফের জেল হেফাজত গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের। শুক্রবার সায়গলকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট।
সায়গলকে তিহার জেলে স্থানান্তরিত করা হবে। ২২ অক্টোবর অনুব্রতর দেহরক্ষীকে আসানসোল জেল থেকে দিল্লিতে আনা হয়। প্রিজন ভ্যানে শুক্রবারই তিহার জেলে নিয়ে যাওয়া হবে সায়গল হোসেনকে।
আদালতে ইডির তরফে সওয়াল করা হয় যাতে সায়গলকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। তার বিরোধিতা করেন সায়গলের আইনজীবীরা। তাঁরা দাবি করেন, সায়গলকে যেন পশ্চিমবঙ্গের কোনও জেলে পাঠানো হয়। যদিও তা খারিজ হয়ে যায়। তারপরেই আইনজীবীরা কথা বলেন সায়গল হোসেনের সঙ্গে। পাশাপাশি, তিহারে নিয়ে যাওয়ার আগেই যেন সায়গলকে দুপুরের আহার দেওয়া হয়, এমন আবেদনও করা হয়। ইডির তরফে জানানো হয়, সায়গলকে তিহার নিয়ে যাওয়ার আগেই দুপুরের আহার দেওয়া হবে।
