
নদিয়া, ১০ নভেম্বর : নদিয়ার ৩৪ নম্বর জাতীয় সড়কের হরিণঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা লরির পিছনে ধাক্কা যাত্রীবাহী বাসের। শুক্রবার সকালে এই দুর্ঘটনায় ঘটনায় আহত শিশু-সহ মোট ২৬ জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থায় আশঙ্কাজনক।
জানা গিয়েছে, বহরমপুর থেকে কলকাতা যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। বাসটির গতিবেগ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল। বিরহী বাজারের কাছে বাসের সামনে একটি গাড়ি চলে আসে। সেটাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা মারে। লরিটি বিরহী আইসপুর পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে ছিল। যাত্রীদের আর্তনাদে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনায় শিশু সহ ২৬ জন গুরুতর আহত হয়। তাঁদের বিরহী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে ১০ জনকে রেফার করে দেওয়া হয় কল্যাণী জে এন এম হাসপাতালে। দুর্ঘটনার জেরে এলাকায় যানজট তৈরি হয়েছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ।
