kolkata

3 years ago

Howrah : ছিনতাইয়ে বাধা দেওয়ায় হাওড়ায় মহিলাকে গুলি করে খুন, তদন্তে পুলিশ

women shot dead in howrah police investigation
women shot dead in howrah police investigation

 

হাওড়া, ২৮ ডিসেম্বর : ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক মহিলাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা, তাও আবার মহিলার আড়াই বছরের শিশুকন্যার সামনেই। বুধবার ভোর ৬টা নাগাদ হাওড়ার বাগনানের রাজাপুর থানার অন্তর্গত মহিষরেখা ব্রিজের কাছে এই ঘটনাটি ঘটেছে। মৃতার নাম রিয়া কুমারী। পুলিশ জানিয়েছে, ঝাড়খণ্ডের রাঁচি থেকে কলকাতার উদ্দেশে গাড়ি করে আসছিলেন ওই মহিলা। তাঁর সঙ্গে ছিলেন স্বামী প্রকাশ কুমার এবং তাঁদের আড়াই বছরের শিশুকন্যা। প্রকাশ নিজেই রাঁচি থেকে গাড়ি চালিয়ে আসছিলেন।

প্রকৃতির ডাকে মহিষরেখা ব্রিজের কাছে গাড়ি দাঁড় করিয়েছিলেন প্রকাশ। সেই সময় তাঁদের ঘিরে ধরে তিন জন দুষ্কৃতী। তিন জনেই সশস্ত্র ছিল। প্রকাশ এবং তাঁর স্ত্রীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা। ছিনতাইয়ে বাধা দেন প্রকাশ। গাড়ি থেকে নেমে আসেন প্রকাশের স্ত্রী রিয়াও। সেই সময় রিয়াকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। কানের তলায় গুলি লাগে রিয়ার। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রিয়া। গুলি চালিয়ে দুষ্কৃতীরা ছিনতাই করে পালিয়ে যায় বলে দাবি প্রকাশের। ঘটনার পর সঙ্গে সঙ্গে প্রকাশ তাঁর স্ত্রীকে নিয়ে কিছু দূর গাড়ি চালিয়ে রাজাপুর থানার পীরতলা এলাকায় আসেন। সেখানে স্থানীয় বাসিন্দাদের কাছে ঘটনার কথা জানানোর পরেই স্থানীয়েরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

You might also like!