
কলকাতা, ২১ জানুয়ারি : বেহালার সরশুনায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা সিভিক ভলান্টিয়ারের। শনিবার ভোরে দুর্ঘটনাটি রায়দিঘির কাছে। মৃতের নাম-সীমা দাস (৪৪)। পুলিশ জানিয়েছে, স্কুটারে স্বামীর পিছনে বসে যাচ্ছিলেন তিনি। আচমকা ভারসাম্য হারিয়ে রাস্তার একদিকে পড়ে যান মহিলার স্বামী। ছিটকে গিয়ে পড়েন স্ত্রীও। সেই সময় তাঁর মাথার ওপর দিয়ে চলে যায় লরির চাকা। ওই সিভিক ভলান্টিয়ারকে আশঙ্কাজনক অবস্থায় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে, মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার স্বামী স্কুটিটি চালাচ্ছিলেন। পিছনে ওই মহিলা বসেছিলেন। মুচিপাড়ার দিক থেকে রায়দিঘির দিকে স্কুটিটি আসছিল। সেই সময় স্কুটির পিছনে একটি কুকুর তাড়া করে এবং ভারসাম্য হারিয়ে স্কুটি নিয়ে পড়ে যায় ওই মহিলার স্বামী। মহিলার স্বামী রাস্তার ডান দিকে পড়েন। ওই মহিলা রাস্তার বাঁদিকে পড়েন। ঠিক সেই সময়ই পিছন থেকে আসছিল লরিটি এবং ওই মহিলার মাথার উপর দিয়ে সেটি চলে যায়। এরপর তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
