
কলকাতা, ১৪ ডিসেম্বর : “সরকারের ভূমিকা যদি সঠিক থাকে, তবে মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করব।” বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে ফের এভাবে মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা গেল।
এজলাসে বসে একাধিকবার রাজ্যের বিরুদ্ধে তাঁকে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে। বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি মামলার শুনানি চলছিল। সেখানেই পর্ষদ ও মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে। তিনি বলেন, “শিক্ষা পর্ষদ যদি ভাল কাজ করে তার প্রশংসা আমি করবই। আবার সরকারের যদি ভূমিকা সঠিক থাকে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর প্রশংসা করব।” পাশাপাশি তিনি আরও বলেন, “আবার যদি দেখি শিক্ষা পর্ষদ কোনও ভুল কাজ করছে, তবে তার সমালোচনাও আমি করব। এর পেছনে অন্য কোনও কারণ নেই।”
এর আগেও পর্ষদের প্রতি সন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়। ২০২২ সালের গোটা টেটের প্রক্রিয়া মঙ্গলবার একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি বলেন, “টেট হওয়ার পর কপি দেওয়া হয়েছে। মনে হচ্ছে কাজ ভাল হচ্ছে।” এদিন ফের পর্ষদের প্রশংসাও শোনা গেল বিচারপতির গলায়।
