
কলকাতা, ৯ জুন : কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে দাবদাহ কিছুটা হলেও কমেছে, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছে অনেকটাই। আর তাই ঘামছে তিলোত্তমা, ঘর্মাক্ত গরম অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাকে আগামী ২৪ ঘন্টাও সইতে হবে গরম। থাকছে দাবদাহের সতর্কতাও।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী রবিবার, ১১ জুন থেকে কলকাতা, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের দু’-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে বাঁকুড়া, দুই বর্ধমানে সে-দিনেও তাপপ্রবাহ চলতে পারে। উত্তরবঙ্গে প্রাক্-বর্ষার বৃষ্টি শুরু হতে পারে রবিবার থেকে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও, বৃহস্পতিবারের মতো শুক্রবার সকালেও কলকাতা ও লাগোয়া দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অংশে মেঘাচ্ছন্ন ছিল আকাশ।
