
কলকাতা, ২১ ডিসেম্বর : শীত পড়তে না-পড়তেই ঠাণ্ডা উধাওয়ের খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। তাঁদের পূর্বাভাস, সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা বাড়তে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। এ বার বড়দিনে উধাও হতে পারে ঠাণ্ডা। ফলে শীতের আমেজ মালুম হবে না, চড়বে তাপমাত্রার পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে। ফলে পৌষের হাড়হিম ঠাণ্ডার মজা এ বার বড়দিনে উপভোগ করতে পারবেন না শহরবাসী।
তবে, আগামী তিন-চার দিন ঠাণ্ডা একই রকম থাকবে। বুধবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল নীচের দিকেই, এদিন ভোরের দিকে বেশ ভালোই ঠাণ্ডা মালুম হয়েছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রের খবর, রাজ্যে উত্তুরে হাওয়ার দাপট কমবে আগামী কয়েক দিনে। যার জেরেই শীতের আমেজ কমে যাবে। ২৩ ডিসেম্বর থেকে রাতের তাপমাত্রা বাড়তে পারে। আর ২৫ ডিসেম্বর শীত অনেকটাই কমে যেতে পারে।
