
কলকাতা, ১৯ ডিসেম্বর : পৌষে পা দিতেই শীতের ছোঁয়া মিলেছে পশ্চিমবঙ্গে। কলকাতা ও জেলাগুলিতে শীতের আমেজ অনুভূত হচ্ছে, সকালের দিকে কোথাও কোথাও হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। সেই আমেজ বজায় রয়েছে সোমবারও। যদিও, এদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় সামান্য চড়েছে তাপমাত্রার পারদ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.০ ডিগ্রি সেলসিয়াস।
উত্তুরে হাওয়া বিনা বাধায় রাজ্যে ঢুকছে, যার ফলে শীত পড়ছে জাঁকিয়ে। আগামী ৫ দিন তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না বলেই মনে করা হচ্ছে। তবে সপ্তাহের শেষে কমতে পারে তাপমাত্রা। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও ঠান্ডা পড়েছে জাঁকিয়ে। জেলায় জেলায় পারদ-পতন অব্যাহত রয়েছে। কুয়াশার পুরু চাদরে মুড়েছে উত্তর থেকে দক্ষিণ।
