
কলকাতা, ১১ আগস্ট : বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও, গরমের দহন-জ্বালায় নাভিশ্বাস অবস্থা তিলোত্তমায়। আর্দ্রতা ও ঘর্মাক্ত গরমে দুর্বিষহ পরিস্থিতি। আপাতত এমনই থাকবে কলকাতা ও লাগোয়া জেলাগুলির আবহাওয়া। তাপমাত্রার বিশেষ হেরফেরও হবে না। শনিবার থেকে অবশ্য দক্ষিণবঙ্গে বদলাতে পারে আবহাওয়া। তার আগে দক্ষিণবঙ্গের কোথাও এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা সেভাবে না থাকলেও, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েই গিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের, উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, ভারী বৃষ্টি হবে না। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। শনিবার থেকে ফের বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
