
কলকাতা, ২৭ অক্টোবর : শীতের আগমণের প্রতীক্ষায় দিন গুনছে বঙ্গভূমি। শীত এখনও এসে পৌঁছয়নি, লাগবে আরও কিছু দিন। আপাতত দক্ষিণ ও উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উল্টে তাপমাত্রা হ্রাসের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনের ২-৩ ডিগ্রি নামতে পারে রাতের তাপমাত্রা। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কিছু দিন দক্ষিণবঙ্গের সর্বত্রই আবহাওয়া থাকবে শুষ্ক, এমন আবহাওয়া থাকতে পারে আগামী এক সপ্তাহ। কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রায় পতন হতে পারে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত। মূলত মনোরমই থাকবে বঙ্গভূমির আবহাওয়া। উল্লেখ্য, মহানগরীতে অনুভূত না হলেও, রাতের দিকে গ্রামাঞ্চলে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে।
