
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে অনুমতি দিল বিদেশমন্ত্রক। বুধবার রাতে কেন্দ্রীয় সরকারের তরফে প্রয়োজনীয় সম্মতি পেয়েছে নবান্ন। ফলে সেপ্টেম্বরের মাঝামাঝি স্পেন ও দুবাই যেতে আর কোনও বাধা রইল না মুখ্যমন্ত্রীর।
নবান্ন সূত্রে খবর, ১২-ই সেপ্টেম্বর স্পেনের উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী। বাংলাই যে শিল্পের সেরা গন্তব্য, সেকথা স্পেনের বণিক সভা ও শিল্প সংস্থাগুলির কাছে তুলে ধরতেই মমতার এই বিদেশ সফর। জানা গিয়েছে, লক্ষ্যপূরণে নবান্নের দূত ইতিমধ্যে ট্র্যাক টু বৈঠক সেরে ফেলেছেন। মুখ্যমন্ত্রী স্পেন সফরে গেলে এই নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হবে। দুবাই হয়ে তাঁর কলকাতায় ফেরার কথা ২৩ সেপ্টেম্বর।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে বিদেশি লগ্নি আনার লক্ষ্যেই এই বিদেশ সফরে যাচ্ছেন মমতা। তাঁর সঙ্গে রাজ্যের শিল্পপতিদের একটি প্রতিনিধিদলও যাবে বলে জানা গিয়েছে। এর আগেও সিঙ্গাপুর এবং লন্ডনে এই ধরনের সফর করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু মাঝে তাঁর শিকাগো ও চিন সফরে ছাড়পত্র দেয়নি কেন্দ্র। যাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ হিসাবে বর্ণনা করেছিল তৃণমূল। এ বারেও অনেকে সেই আশঙ্কা করেছিলেন। যদিও শেষ পর্যন্ত মমতার বিদেশ সফরের অনুমতি মিলেছে।
উল্লেখ্য, ২০২১ সালে বিপুল ভোটে জয়ের পর তৃতীয় বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে মমতা বলেছিলেন, এ বার তাঁর ‘পাখির চোখ’ শিল্পায়ন। মূলত মাঝারি ও বড় শিল্পের উপরেই গুরুত্ব দিতে চায় রাজ্য সরকার। নতুন নতুন আঙ্গিকেও বিনিয়োগ আনতে সচেষ্ট নবান্ন। ‘ইন্ডিয়া’র বৈঠক উপলক্ষে মমতা মুম্বই যাওয়ার অব্যবহিত আগে বাণিজ্যনগরীতে গিয়ে বণিকমহলের সঙ্গে বৈঠক করে এসেছেন রাজ্যের প্রাক্তন অর্থ ও শিল্পমন্ত্রী তথা বর্তমান আর্থিক উপদেষ্টা অমিত মিত্র। প্রশাসনের আশা, শিল্পায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতার স্পেন এবং দুবাই সফর সাফল্য মন্ডিত হবে।
