
কলকাতা, ৭ জুন : ঘড়ির কাঁটায় সকাল আটটা, আর সেই সময় থেকেই সূর্যের প্রখর তেজ। সূর্য অস্ত গেলেও শান্তি নেই। রাতেও গরম বেশ ভালোই মালুম হচ্ছে। গত কয়েক দিন ধরে এমনই প্যাচপেচে গরমে হিমশিম খাচ্ছে কলকাতা-সহ পশ্চিমবঙ্গ। দক্ষিণ ও উত্তর-দুই বঙ্গে এই অবস্থা! আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে দাবদাহে পুড়বে গোটা পশ্চিমবঙ্গ।
আগামী শনিবার পর্যন্ত হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদের দু’একটি জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। শনিবার পর্যন্ত দুই দিনাজপুর, মালদহের দু’একটি জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতায় তাপপ্রবাহের কোনও সতর্কতা নেই। তবে শহরে গরম বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বজায় থাকবে অস্বস্তি ভাবও। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন এভাবেই তাপমাত্রা বাড়তে পারে তিলোত্তমায়।
