
কলকাতা, ৭ জানুয়ারি : হুগলি জেলার তারকেশ্বরে কৈকালা স্টেশনের কাছে ফাটল ধরল রেললাইনে। মেরামতির জন্য শনিবার সকাল থেকে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। দীর্ঘক্ষণ চেষ্টার পর রেললাইন সরানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। যদিও, এই সময়ে দুর্ভোগে পড়তে হয়েছে অসংখ্য যাত্রীদের।
শনিবার সকালে তারকেশ্বর-হাওড়া ডাউন ট্রেন ছাড়ে ৫.৫০ মিনিট নাগাদ। ওই ট্রেনটি কৈকালা স্টেশন ছাড়ার পরই দু’টি পাতের মাঝখানের ফাঁক বড় হয়ে লাইনে ফাটল দেখা যায়। খবর পেয়ে তড়িঘড়ি রেল কর্মীরা ঘটনাস্থলে যান। শুরু হয় লাইন মেরামতের কাজ।
যদিও হাওড়া-তারকেশ্বর আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তবে তারকেশ্বর-হাওড়া ডাউন লাইনে প্রায় ২ ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত থাকে। সকাল সাড়ে ৭টার পর ট্রেন চলাচল কিছুটা স্বাভাবিক হয়।
