kolkata

2 years ago

Abhishek Banerjee: নির্বিঘ্নেই বিদেশে চোখের পরীক্ষা হল অভিষেকের, দেশে ফেরার পর ইডি নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন

Abhishek Banerjee (Collected )
Abhishek Banerjee (Collected )

 

দুরন্ত বার্তা ডিজিটালঃ ৬ জুলাই চোখের চিকিৎসা করাতে আমেরিকায় রওনা হয়েছিলেন অভিষেক।আমেরিকার জন্‌স হপকিন্‌স হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের পরীক্ষা হয়েছে। এর আগে ওই হাসপাতালেই তাঁর চোখের অস্ত্রোপচার হয়েছিল। সূত্রের খবর, পরিস্থিতি এখনকার মতো প্রায় সন্তোষজনক। তবে ছ’মাস পরে আবার তাঁকে যেতে হবে চোখ পরীক্ষা করানোর জন্য। অগস্টের মাঝামাঝি তিনি কলকাতায় ফিরবেন বলে তৃণমূল সূত্রের খবর।

সূত্রে খবর, দেশে ফিরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন তৃণমূলের সেনাপতি। বিদেশ থেকেই ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে দীর্ঘ টুইট করে তোপ দেগেছিলেন অভিষেক। সেই সূত্রেই বলা হচ্ছে, এ বার তিনি আইনি পদক্ষেপের পথে হাঁটার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন।

মঙ্গলবার আমেরিকায় অভিষেকের চোখের পরীক্ষা করানোর কথা ছিল। সেইমতোই ওই পরীক্ষা হয়েছে। অভিষেকের সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকের একটি ছবি তাঁর ঘনিষ্ঠ সূত্রে প্রকাশিত হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে আমেরিকার হাসপাতালে বিদেশি চিকিৎসকের সঙ্গে বসে কথা বলছেন তিনি। চিকিৎসকের হাতে কিছু নথিপত্রও রয়েছে। চিকিৎসা সংক্রান্ত সেই নথিটি প্রবীণ চিকিৎসক দেখাচ্ছেন অভিষেককে।

চিকিৎসার জন্য আমেরিকায় যেতে চেয়ে কলকাতা হাইকোর্ট হলফনামা পেশ করেছিলেন অভিষেক। সেখানে তিনি জানিয়েছিলেন, ১৫ জুলাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তিনি তাঁর চিকিৎসা সংক্রান্ত বিষয় জানিয়ে চিঠি দিয়েছেন। সঙ্গে বিদেশযাত্রার অনুমতিও চেয়েছেন। কিন্তু তদন্তকারী সংস্থার তরফে কোনও জবাব না পাওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন। তার পরেই চিকিৎসার জন্য বিদেশে পাড়ি দেন অভিষেক। 

প্রসঙ্গত, ২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদ থেকে একটি কর্মিসভা করে কলকাতায় ফেরার পথে হুগলি জেলার সিঙ্গুরের দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর দুর্ঘটনাগ্রস্ত হয় অভিষেকের গাড়ি। সেই দুর্ঘটনাতেই তাঁর চোখে আঘাত লাগে। তার পর থেকেই দীর্ঘ দিন ধরে তাঁর চোখের চিকিৎসা চলছে। 

You might also like!