
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নুসরতের পাল্টা লকেট! তৃণ্মূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে প্রায় ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ নিয়ে ইডির দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।এবার তারই পাল্টা দিল শাসকদল, শুক্রবার সকালে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চিটফান্ড কাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে এবং নিরেপেক্ষ তদন্তের দাবিতে কলকাতায় ইডি দফতর সিজিও কমপ্লেক্সে যান বিধাননগরের কাউন্সিলর তুলসী সিনহা রায়। তাঁর অভিযোগ, একটি চিটফান্ড থেকে সুবিধা ভোগ করেছেন লকেট। তাই লকেটের বিরুদ্ধেও নিরেপেক্ষ তদন্ত শুরু করার এবং তাঁর আয়ের সঙ্গে সঙ্গতি নেই এমন সম্পত্তি খতিয়ে দেখার দাবি তুলেছেন তুলসী।
তাঁর কথায়, ‘‘আইনজীবী এবং সমাজকর্মীদের পক্ষ থেকে একটি তদন্ত করার আবেদন নিয়ে সিজিও এসেছিলাম। সম্প্রতিকালে ইডি বিভিন্ন তদন্তের সঙ্গে যুক্ত হয়েছে। আমরাও একটা নিরেপেক্ষ তদন্তের দাবি নিয়ে এসেছি। বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় রোজভ্যালি চিটফান্ডের থেকে সুবিধা পেয়েছেন। তাঁর আয়বহির্ভূত সম্পত্তি নিয়ে যাতে নিরেপেক্ষ তদন্ত হয়, তার জন্য ইডির কাছে এসেছি। আমদের কাছে তথ্য রয়েছে। চাইছি ইডি তদন্ত করে দেখুক। প্রয়োজন পড়লে আমরাও সাহায্য করব।’’
বিধাননগরের কাউন্সিলর প্রশ্ন, ‘যখন রোজভ্যালি কাণ্ড নিয়ে ইডি এত তদন্ত করছে, সেখানে লকেটের নাম তদন্তের বাইরে কেন?’ বিজেপির সাংসদ বলেই কি লকেটকে তদন্তের বাইরে রাখা হয়েছে? এই প্রশ্নও তুলেছেন তুলসী।
