
কলকাতা, ১৭ জানুয়ারি : কলকাতা হাই কোর্ট চত্বরে কোনও সভা-সমাবেশ চলবে না। প্রতিবাদ, পোস্টার বা প্ল্যাকার্ডও লাগানো যাবে না। হাই কোর্টের তিন বিচারপতির বৃহত্তর বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এই সঙ্গে বেঞ্চ বিচারপতি মান্থার বিরুদ্ধে অবমানাকর পোস্টারের তদন্তের নির্দেশও দিয়েছে।
সম্প্রতি হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে যে ভাবে হাই কোর্টে আইনজীবীদের বিক্ষোভ, বয়কট হয় এবং পোস্টার সাঁটা হয় তার সমালোচনা করেছিলেন আইনজগতের বহু বিশিষ্ট। মঙ্গলবার সেই সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল হাই কোর্টের তিন বিচারপতির বৃহত্তর বেঞ্চে। তিন বিচারপতিই হাই কোর্ট চত্বরে প্রতিবাদ বিক্ষোভ দেখানো নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন।
হাই কোর্টের বিচারপতি টিএস শিবজ্ঞানম, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি চিত্তরঞ্জন দাশের বৃহত্তর বেঞ্চে মঙ্গলবার মামলাটি ওঠে। বেঞ্চ বলে, ‘‘খবর কাগজে পড়লাম যে কোর্ট চত্বরে প্রতিবাদ করা হয়েছে। তিন জন আইনজীবীকে দেখেছি প্ল্যাকার্ড নিয়ে। এটা ঠিক নয়। সবার আগে এটাই আপাতত মাথায় রাখা দরকার।’’
উল্লেখ্য গত সোমবার থেকেই হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে হাই কোর্ট চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিলেন আইনজীবীদের একাংশ। হাই কোর্টে বিচাররপতি মান্থার নামে পোস্টারও পরে সেই পোস্টারে বিচারপতির নাম উল্লেখ করে লেখা ছিল, ‘‘বিচারের নামে কলঙ্ক।’’ মঙ্গলবার এই পোস্টার প্রসঙ্গেও কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দেয় বৃহত্তর বেঞ্চ। তিন বিচারপতির নির্দেশ, ‘‘কার নির্দেশে, কে বা কারা বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার দিয়েছে, তা তদন্ত করে বার করতে হবে। দেখতে হবে কোথায় সেই পোস্টার ছাপা হয়েছে?’’
