
কলকাতা, ১৪ ডিসেম্বর : শীতের মুখে পারদের ওঠা-নামা লেগেই রয়েছে তিলোত্তমায়। ডিসেম্বরের মাঝামাঝিতেও কনকনে ঠাণ্ডার আমেজ উপভোগ করতে পারেনি তিলোত্তমা। বরং বাড়ছে তাপমাত্রার পারদ, বুধবারও বাড়ল কলকাতার তাপমাত্রা। এদিন মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.২ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে জম্পেশ ঠাণ্ডা পড়তে পারে। ১৫ ডিগ্রির নীচে নামতে পারে কলকাতার তাপমাত্রা। জেলাগুলিতে চলতি সপ্তাহে তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রি ঘরে। কলকাতা ও আশেপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তারপর কমতে পারে তাপমাত্রার পারদ।
