
কলকাতা, ৬ জুন : রাজ্যের পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলা গেল কলকাতা হাই কোর্টের নতুন ডিভিশন বেঞ্চে। মঙ্গলবার বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলা পাঠালেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।
মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এরপর মামলা গড়ায় বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে। তিনিও সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখেন। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। গত ১৯ মে মামলাটি ওঠে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। তবে মামলাটি বিচার্য বিষয় না হওয়ায় তা গ্রহণ করেনি ডিভিশন বেঞ্চ। যেহেতু এই বেঞ্চ পুরসভা সংক্রান্ত মামলা শোনে না তাই স্বাভাবিক নিয়মেই মামলাটি চলে যায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।
এর আগে, হাই কোর্টের দু’টি ডিভিশন বেঞ্চ মামলাটি ফেরত পাঠিয়ে দিয়েছিল প্রধান বিচারপতির কাছে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিন্হা রায়ের ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলাটি ফিরিয়ে দিয়েছিল। হাই কোর্ট জানিয়েছিল, মামলাটি এই দুই বেঞ্চের বিচার্য বিষয়ের তালিকায় নেই। তাই এই মামলার শুনানি সম্ভব নয়।ডিভিশন বেঞ্চ এই মামলাটি ছেড়ে দেওয়ায় তা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে পাঠানো হয়।
