
কলকাতা, ২৬ ফেব্রুয়ারি : রিজেন্ট পার্কে একই পরিবারের তিন সদস্যের রহস্যমৃত্যু । বাড়ি থেকে মা, বাবা, মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার। রবিবারের রিজেন্ট পার্ক থানার পুলিশ দেহ উদ্ধার করেছে। কীভাবে ৩ জনের মৃত্যু হল তা তদন্ত করে দেখছে পুলিশ । ল’ কলেজের ছাত্রী ছিলেন ওই মেয়েটি। প্রাথমিক অনুমান, আর্থিক সঙ্কটের জেরেই আত্মহত্যা করেছে এই পরিবার।
স্থানীয় সূত্রে খবর, ব্যবসায়ী পরিবার এটি। বাড়ির কর্তার ব্যবসায় লোকসান হয়। তারপরই এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। রিজেন্ট পার্ক থানা এলাকার গঙ্গাপুরী প্রাইমারি স্কুলের উল্টৈাদিকে আবাসন। ১৯৬/১ আবাসনের দোতলায় ব্যবসায়ী বিজয় চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট। যদিও এটি ভাড়ার ফ্ল্যাট।
এলাকার লোকজন জানান, মাস কয়েক আগে এখানে ভাড়া আসেন বিজয় চট্টোপাধ্য়ায়। তবে দিন দু’য়েক এই পরিবারের কাউকেই বাড়ির বাইরে দেখা যায়নি বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। তারপরই একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করে। এরইমধ্যে রবিবার আবাসনের অন্যান্য আবাসিকরা সকাল থেকেই বোঁটকা গন্ধ পাচ্ছিলেন। চট্টোপাধ্য়ায় পরিবারের ঘরের দিক থেকেই গন্ধটা আসছিল।
