
কলকাতা, ৭ এপ্রিল : চৈত্র মাস এখনও শেষ হয়নি, তার আগেই পশ্চিমবঙ্গজুড়ে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। গরমের দাপটে রীতিমতো কাহিল হয়ে পড়ছে তিলোত্তমা, দক্ষিণবঙ্গের সর্বত্রই একই অবস্থা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি তো হবেই না উল্টে দক্ষিণবঙ্গে চড়বে পারদ। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রার পৌঁছে যেতে পারে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াসে।
আগামী সপ্তাহে, অর্থাৎ সোমবার থেকেই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলা এবং উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে অত্যধিক গরম পড়তে পারে। আগামী কয়েক দিন শুষ্ক গরম অনুভূত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ১০ এপ্রিলের পর থেকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে। ফলে এপ্রিলের শুরু থেকেই গরমে আরও কাহিল হতে হবে বঙ্গবাসীকে।
