
কলকাতা, ১১ জানুয়ারি : আপাতত ১৩ ডিগ্রির ঘরেই রয়েছে তিলোত্তমার তাপমাত্রা, আগের দিনের তুলনায় সামান্য বাড়লেও স্বাভাবিকের নীচেই রয়েছে পারদ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। পারদ চড়তেই শীতের শিরশিরানি উধাও হয়ে গিয়েছে তিলোত্তমা থেকে, কনকনে শীতের আমেজ উধাও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকেও।
বুধবার উত্তরবঙ্গের দৃশ্য অবশ্য ভিন্ন ছিল। জাঁকিয়ে শীত পড়েছে ধূপগুড়ি-সহ ডুয়ার্স এলাকায়। তাপমাত্রার পারদ নেমে এসেছে ৬ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা ঘন কুয়াশাচ্ছন্ন ছিল। বুধবার ভোরে কুয়াশার চাদরে ঢেকে যায় জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক। কুয়াশার পাশাপাশি বইতে থাকে হিমেল হাওয়া। সব থেকে বেশি কুয়াশা ভুটান পাহাড় সংলগ্ন এলাকা এবং চা বাগান অধ্যুষিত এলাকায়। তবে, আগামী ৪ দিনে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহবিদদের। ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পারদ চড়তে পারে।
