
কলকাতা, ২২ এপ্রিল : পুরসভার নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এ বার সুপ্রিম কোর্টে গেল রাজ্য। সোমবার ওই মামলাটি শুনবেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।
রাজ্য শিক্ষক এবং অশিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপর পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। গত শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশে বলেন, চাইলে অয়ন শীলের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথির ভিত্তিতে পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্ত করতে পারবে সিবিআই।
নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত হুগলির বাসিন্দা অয়নের বাড়িতে তল্লাশির সময় পুরসভায় নিয়োগ সংক্রান্ত নথি পায় ইডি। তাতে তদন্তকারীরা দাবি করেন বেশ কয়েক’টি পুরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছে। যার মূল হোতা ছিলেন এই অয়ন। বিষয়টি সিবিআইকে জানায় ইডি। এর পর এই দুর্নীতির তদন্ত করতে চেয়ে আদালতে আবেদন করে সিবিআই।
