kolkata

3 years ago

Sukanta - Suvendu : সিভি আনন্দ বোসের কাছে নালিশ জানাতে রাজভবনে সুকান্ত-শুভেন্দু

Sukant Majumder -Suvendu Adhikari
Sukant Majumder -Suvendu Adhikari

 

কলকাতা, ৪ জানুয়ারি : রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে নালিশ জানিয়ে এলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিজেপি সূত্রের খবর, রাজ্যপাল নিজেই সৌজন্য সাক্ষাতের জন্য দুই নেতাকে ডেকে পাঠিয়েছিলেন। বুধবার দুপুরে দুই নেতা একসঙ্গে রাজভবনে গিয়ে ভোট পরবর্তী হিংসা, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে দুর্নীতি, সব ইস্যুতেই নালিশ জানিয়ে এসেছেন বিজেপি নেতারা।

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শেষে সুকান্ত বলেন, রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে নিয়োগ দুর্নীতি সবটাই রাজ্যপালকে জানিয়েছেন তাঁরা। সুকান্তবাবুর দাবি, রাজ্যপাল রাজ্যের পরিস্থিতি সম্পর্কে জানতেই তাঁদের ডেকে পাঠিয়েছিলেন। কোচবিহারে কীভাবে আলুর খেতে বোমার চাষ হচ্ছে, কীভাবে বন্দে ভারতে পাথর ছোঁড়া হচ্ছে, সবটাই তাঁকে জানানো হয়েছে। আবাস যোজনা থেকে নিয়োগ দুর্নীতি নিয়েও রাজ্যপালের কাছে নালিশ জানিয়ে এসেছেন বিজেপির দুই শীর্ষ নেতা। যদিও নতুন রাজ্যপালের ভূমিকায় তাঁরা সন্তুষ্ট কিনা, সে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন সুকান্তবাবু।

বস্তুত, সিভি আনন্দ বোস রাজ্যপাল হয়ে আসা ইস্তক এই প্রথম বার রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতা একসঙ্গে গেলেন রাজ্যপালের কাছে। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের আগে কোন কোন বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করবেন, তার তালিকা করেন শুভেন্দুবাবু এবং সুকান্তবাবু। এমনটাই বিজেপি সূত্রে খবর। মঙ্গলবার বালুরঘাটে একসঙ্গে সভা করেন দুই নেতা। এ বার রাজভবনে একসঙ্গে গেলেন তাঁরা।

সিভি আনন্দ বোস রাজ্যপাল হয়ে আসার পর বঙ্গ বিজেপির নেতারা রাজভবন থেকে তেমন সুবিধা করে উঠতে পারেননি। আগের রাজ্যপাল জগদীপ ধনকড় যেমন কার্যত রাজ্যের সব কাজেই হুটহাট টুইট করতেন, প্রশাসনিক কাজে কার্যত বাধা হয়ে দাঁড়াতেন, তেমনটা করতে দেখা যায়নি নতুন রাজ্যপালকে। কিন্তু শুভেন্দুবাবুরা হাল ছাড়ছেন না। বুধবার দুই নেতা একযোগে গিয়ে রাজ্যপালকে রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে রাজ্যপালকে জানিয়ে আসেন।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। প্রতিটি সভা থেকে শুভেন্দুবাবু-সুকান্তবাবুরা রাজ্যের শাসকদলকে এ নিয়ে নিশানা করছেন। সূত্রের খবর, এই বিষয়ে তাঁরা রাজ্যপালের সঙ্গে আলোচনা করেন। আবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের কাছে দরবার করেন দুই বিজেপি নেতা।

বাংলায় বন্দে ভারত এক্সপ্রেস চালুর পরই ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। তা ছাড়া, গত কয়েক দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। কোচবিহার থেকে বীরভূম, মালদহ থেকে পূর্ব মেদিনীপুর, বিস্ফোরণে আহত এবং নিহতের খবর মিলেছে। বল ভেবে খেলতে গিয়ে বোমার আঘাতে জখম হয়েছে একাধিক শিশু। পঞ্চায়েত ভোটের আগে জায়গায় জায়গায় এই বিস্ফোরক উদ্ধারের ঘটনা নিয়ে রাজ্যপালকে অভিযোগ জানান শুভেন্দুবাবু-সুকান্তবাবু।

গত বছরের নভেম্বরে রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন শুভেন্দুবাবু। শপথগ্রহণ অনুষ্ঠান শুরুর আগে সমাজমাধ্যমে পোস্ট দিয়ে তিনি জানান, রাজ্যের বিরোধী দলনেতাকে জায়গা দেওয়া হয়েছে তৃণমূল সাংসদদের পিছনে। পরে অবশ্য রাজ্যপালের সঙ্গে রাজভবনে একা দেখা করেন তিনি। তবে সে দিন রাজভবন থেকে বেরিয়ে জানান, তিনি কোনও অভিযোগ জানাতে আসেননি। ওই সাক্ষাৎ ছিল নেহাতই সৌজন্যমূলক। তবে এবার অভিযোগের তালিকা নিয়ে রাজভবনে যান রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতা।


You might also like!